বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা আজ রাজধানীর অফিসার্স ক্লাব, বেইলী রোড, ঢাকা-এ অনুষ্ঠিত হয়। দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে মানসম্মত উৎপাদন ও সেবার গুরুত্ব তুলে ধরতে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুন নাসের। তিনি শিল্পখাতে মান ব্যবস্থাপনা, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান জনাব আব্দুল খালেক। তিনি শিল্প প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মান বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভোক্তাদের আস্থা অর্জনে মান নিয়ন্ত্রণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিল্প ও সেবার প্রতিটি ক্ষেত্রে মান নিশ্চিতকরণ দেশের অর্থনৈতিক অগ্রগতি, রপ্তানি সম্প্রসারণ এবং টেকসই শিল্পায়নের অন্যতম পূর্বশর্ত। বিশ্ব মান দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।


Comments