উলিপুরে যাত্রীবেশে অটোতে উঠে তরুণীর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে অটোতে যাত্রীবেশে উঠে এক তরুণীর কাছ থেকে ছুরির মুখে স্বর্ণের চেইন, নগদ টাকা ও আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, গতকাল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রংপুর থেকে উলিপুরে ফেরার পর চৌমুহনী বাজারে যাওয়ার উদ্দেশ্যে মাতৃমঙ্গল এলাকার সামনে থেকে একটি অটোরিকশায় ওঠেন ওই তরুণী। এ সময় একই অটোরিকশায় মাস্ক পরিহিত অপরিচিত দুই নারী ও এক পুরুষ যাত্রীবেশে ওঠেন।
অভিযোগ অনুযায়ী, অটোরিকশাটি উলিপুর সরকারি কলেজের সামনে পৌঁছালে ওই দুই নারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তরুণীর গলায় থাকা স্বর্ণের চেইন, হাতে থাকা আংটি এবং সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাঁকে অচেতন করে উলিপুরের তিনমাথা ভোল্টেজ মোড় এলাকায় নামিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্তরা।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে। জনবহুল এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের এবং ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



মন্তব্য