কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ও ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে কুড়িগ্রাম জেলার জারহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও সংস্কৃতিপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে আব্বাসউদ্দীন আহমদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ভাওয়াইয়া সংগীতের বিকাশে আব্বাসউদ্দীনের অসামান্য অবদান ও তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভায় বক্তারা বলেন, আব্বাসউদ্দীন আহমদ তাঁর সুমধুর কণ্ঠ ও অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে ভাওয়াইয়া সংগীতকে দেশ-বিদেশে পরিচিত করে তুলেছেন। তাঁর সৃষ্টি ও অবদান নতুন প্রজন্মের কাছে লোকসংগীতের মূল্যবোধ পৌঁছে দিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানের শেষপর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ভাওয়াইয়া সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পরিবেশিত হয় আব্বাসউদ্দীনের জনপ্রিয় বেশ কয়েকটি গান। দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।