কুড়িগ্রামের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’-এর আয়োজনে মঞ্চস্থ হলো নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের কলেজ মোড় সংলগ্ন পৌর টাউন হল অডিটরিয়ামে পাঁচ শতাধিক দর্শকের উপস্থিতিতে নাটকটি মঞ্চায়ন করে ‘প্রচ্ছদ’। ‘প্রচ্ছদ’-এর ৫৩তম এই আয়োজনের নাটকটিতে বেদনা, হাসি-কান্না ও জীবনের নানা টানাপোড়েনের কাহিনিনির্ভর সংলাপ ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা। চব্বিশ-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিক বেকার ও কর্মহীন হয়ে পড়েছেন। তাদের জীবনের অভাব-অনটন, পারিবারিক টানাপোড়েন, হতাশা এবং নানা ঘটনা-দুর্ঘটনাকে কেন্দ্র করেই রচিত হয়েছে নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। নাটকের মূল চরিত্র কমন্ডল। অভাবের তাড়না, নেশা ও হতাশায় জর্জরিত কমন্ডল একপর্যায়ে রাগের মাথায় স্ত্রীকে হত্যা করে। সেই হত্যার দায়ে শেষ পর্যন্ত তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়। তার জীবনের করুণ পরিণতির মধ্য দিয়ে নাটকটিতে উঠে এসেছে শ্রমজীবী মানুষের সংকট, পারিবারিক অস্থিরতা ও সমাজবাস্তবতার নানা দিক।