ভারতের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি) সোমবার ২৬ অক্টোবর প্রায় ২ লাখ ১২ হাজার কোটি রুপি বা ২২ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক প্রস্তাবনায় নীতিগত সায় দেয়। রয়টার্সের বরাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
অনুমোদিত ক্রয় তালিকায় দেশটির তিন বাহিনীর জন্যই বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম যুক্ত করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, অ্যান্টি-ড্রোন সিস্টেম, সমন্বিত নজরদারি প্রযুক্তি এবং দূরপাল্লার কামিকাজে ড্রোন। উল্লেখ্য, কামিকাজে ড্রোন মূলত একধরনের আত্মঘাতী ব্যবস্থা, যা চিহ্নিত লক্ষ্যবস্তুতে আঘাতের সময় নিজেকেও ধ্বংস করে ফেলে।
স্থলবাহিনীর কাজের গতি বাড়াতে এবং রসদ পরিবহন সহজ করতে উচ্চ গতিশীলতার যান, হালকা বহুমুখী হেলিকপ্টার, স্বচালিত ট্র্যাকড গান সিস্টেম ও শত্রুর গোলাবর্ষণের উৎস শনাক্তকারী প্রযুক্তি কেনা হবে। নৌবাহিনীর আধুনিকায়নে যুদ্ধজাহাজকে শত্রুপক্ষের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে 'অ্যাকটিভ অফবোর্ড ডিকয় সিস্টেম' ও নতুন নৌযান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, বিমানবাহিনীর জন্য নতুন হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আবহাওয়ার তাৎক্ষণিক তথ্য বিশ্লেষণ ও নজরদারির জন্য মোবাইল এক্স-ব্যান্ড ডপলার আবহাওয়া রাডার কেনা হবে।





মন্তব্য