রংপুর প্রতিনিধি: রংপুর শহরের কেন্দ্রস্থলে শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে তখন পড়ন্ত বিকেল। মাঠের এক প্রান্তে উচ্ছ্বাস আর বিজয়ের আনন্দ, অন্য প্রান্তে হতাশার ছবি। জয়ের উল্লাসে মেতে উঠেছেন ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমির খেলোয়াড়েরা। বিপরীতে বড় ব্যবধানে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমির ফুটবলাররা। রাঙ্গাটুঙ্গীর এই বাঁধভাঙা আনন্দের কারণও বড়। দেশের ৩৬টি নারী ফুটবল একাডেমিকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট’-এ সবার আগে চূড়ান্ত পর্ব, অর্থাৎ কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দলটি। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে। রংপুর অঞ্চলের আঞ্চলিক ফাইনালে রাঙ্গাটুঙ্গীর সামনে কার্যত দাঁড়াতেই পারেনি পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি। শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে রাঙ্গাটুঙ্গীর মেয়েরা। শেষ পর্যন্ত একতরফা ম্যাচে টুকু ফুটবল একাডেমিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেরা আটে জায়গা করে নেয় তারা। নারী ফুটবলে রাঙ্গাটুঙ্গীর সাফল্য অবশ্য নতুন নয়। এই একাডেমির খেলোয়াড়দের নিয়ে ঠাকুরগাঁও জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে চারবার রানার্সআপ হয়েছে। জেএফএ কাপে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তাদের। তবে এবারের টুর্নামেন্টে রাঙ্গাটুঙ্গীর বড় চমকের নাম সানজিদা আক্তার। দুইবারের সাফজয়ী এই তারকা অতিথি খেলোয়াড় হিসেবে রাঙ্গাটুঙ্গীর জার্সিতে মাঠে নেমেছেন। আর নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন আঞ্চলিক পর্বের দুই ম্যাচেই। এর আগে সকালে অলিখিত আঞ্চলিক সেমিফাইনালে পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমির বিপক্ষে ২-০ গোলের জয় পায় রাঙ্গাটুঙ্গী। সেই ম্যাচেও দলের জয়ে বড় ভূমিকা রাখেন ময়মনসিংহের কলসিন্দুরের কন্যা সানজিদা। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে হন ম্যাচসেরা। ম্যাচে রাঙ্গাটুঙ্গীর হয়ে গোল দুটি করেন চন্দনা রানী ও মিরা ইসলাম। তাঁরা গোল করলেও আক্রমণভাগে সানজিদার উপস্থিতি পুরো দলকে বাড়তি শক্তি জুগিয়েছে। প্রতিপক্ষের রক্ষণভাগে নিয়মিত চাপ তৈরি করে দলের আক্রমণের ধার বাড়িয়ে দেন তিনি। বিকেলে একই মাঠে আঞ্চলিক ফাইনালে টুকু ফুটবল একাডেমির বিপক্ষে রাঙ্গাটুঙ্গী এতটা একতরফা জয় পাবে, তা হয়তো ম্যাচের আগে অনেকেই ভাবেননি। কিন্তু মাঠের চিত্র দ্রুতই বদলে দেয় রাঙ্গাটুঙ্গীর মেয়েরা। প্রথমার্ধেই ৪-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় রাঙ্গাটুঙ্গী। দলের প্রথম দুটি গোল করেন স্ট্রাইকার মোছা. কাকলি আক্তার। এরপর আলো ছড়ান সানজিদা। পরপর দুটি গোল করে ব্যবধান ৪-০ করেন তিনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় রাঙ্গাটুঙ্গী। ম্যাচের শেষ দিকে খুশি রানী গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-০। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ঠাকুরগাঁওয়ের দলটি। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি। আর আঞ্চলিক পর্বে নিজের পারফরম্যান্স দিয়ে দলের সাফল্যে আলাদা মাত্রা যোগ করলেন সাফজয়ী তারকা সানজিদা আক্তার।