উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্রটি নির্মাণ শেষ হওয়ার প্রায় চার বছর পরও চালু হয়নি। ভবন ও যন্ত্রপাতি স্থাপন করা হলেও নিয়মিত উৎপাদন বা সেবা কার্যক্রম শুরু না হওয়ায় স্থানীয় কৃষকেরা প্রকল্পের সুফল পাচ্ছেন না।
২০১৮ সালে কুড়িগ্রাম ও জামালপুরের প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে প্রকল্পটি নেওয়া হয়। ২০২২–২৩ অর্থবছরে নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান কেন্দ্রটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
কেন্দ্রে ধান, গম ও তেলবীজ ভাঙানো, মসলা ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাত, বেকারি পণ্য তৈরি এবং দুধ, মাছ ও মাংস সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। কোল্ড চেম্বারসহ যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চালু হলে প্রায় ২০ জনের কর্মসংস্থান হওয়ার কথা ছিল।
রংপুর পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক জাহেদুল হক চৌধুরী জানিয়েছেন, জনবল সংকটের কারণে আগের ব্যবস্থাপনায় কেন্দ্র চালু করা যায়নি। নীতিমালা পরিবর্তন করে সমবায়, এনজিও বা আগ্রহী উদ্যোক্তার কাছে দরপত্রের মাধ্যমে তিন বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় কৃষকেরা দ্রুত সময়সীমা ঘোষণা ও যন্ত্রপাতির কারিগরি পরীক্ষা চান।





মন্তব্য