উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুরের হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে সারের অপেক্ষায় থাকা কৃষকেরা ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম–চিলমারী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হওয়ার পর উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় কৃষকদের ভাষ্য, নির্ধারিত কেন্দ্রে সকাল থেকে সার নেওয়ার জন্য তারা সারিবদ্ধ ছিলেন। নির্ধারিত সময়ে ডিলারের লোকজন না আসায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ে। একপর্যায়ে কয়েকজন সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন।
বিতরণকেন্দ্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, কৃষকের চাপ বেশি থাকায় কর্মীরা পরিস্থিতি সামলাতে পারছিলেন না। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, প্রশাসন ও পুলিশের সহায়তায় শৃঙ্খলা ফিরিয়ে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফের ভাষ্য অনুযায়ী, সকাল আটটা থেকে বিতরণের কথা ছিল। দেরির কারণে বিক্ষোভ তৈরি হলেও কর্মকর্তাদের উপস্থিতিতে কার্যক্রম শুরু হয় এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কৃষকেরা ভবিষ্যতে আগাম তালিকা, নির্ধারিত সময় এবং দৃশ্যমান তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।





মন্তব্য