উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: তিস্তা নদীর ভাঙনে উলিপুরের দলদলিয়া, থেতরাই, গুনাইগাছ ও বজরা ইউনিয়নের নদীপাড়ের মানুষের দুশ্চিন্তা বেড়েছে। কোথাও আবাদি জমি ও গাছপালা নদীতে চলে যাচ্ছে, কোথাও পরিবারগুলো ঘর সরানোর প্রস্তুতি নিচ্ছে।
চাপরারপাড় হাজিপাড়া, উচ্চগ্রাম, বসনিয়াপাড়া, মুন্সিপাড়া, কর্পূরা, ঠুটাপাইকার, গোড়াইপিয়ার, শেখেরটেক, পশ্চিম বজরা ও চর বজরাসহ বহু এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ক্ষতিগ্রস্তদের অনেকে স্বজন বা অন্যের জমিতে আশ্রয় নিচ্ছেন। এতে জীবিকা ও শিশুদের পড়াশোনাও অনিশ্চিত হয়ে পড়ছে।
পানি উন্নয়ন বোর্ডের কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ পাঠানো হয়েছে এবং ভাঙনরোধে কাজ চলছে। প্রয়োজন হলে আরও জিও ব্যাগ সরবরাহের কথা জানিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ বলেন, বাস্তুচ্যুত পরিবার আবেদন করলে সরকারি খাসজমিতে পুনর্বাসনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। শুকনো খাবার ও চাল বিতরণও চলমান রয়েছে। স্থানীয়রা জরুরি কাজের পাশাপাশি টেকসই নদীতীর সুরক্ষা ও পুনর্বাসনের স্পষ্ট সময়সূচি চান।





মন্তব্য