নিজস্ব প্রতিবেদক দেশের টেক্সটাইল শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত হা-মীম গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. এ. কে. এম. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হা-মীম গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শন করে। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফুজ্জামান এবং সহকারী অধ্যাপক মো. আশনাইম বারী। অন্যদিকে হা-মীম গ্রুপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ) আব্দুল্লাহ আল হেলাল সরকার, সিনিয়র ম্যানেজার (মানবসম্পদ) পারভেজ আহমেদ এবং সহকারী ম্যানেজার (মানবসম্পদ) তৌহিদুল ইসলাম। এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং হা-মীম গ্রুপের মধ্যে শিক্ষা-শিল্প সহযোগিতার একটি সুসংগঠিত কাঠামো গড়ে তোলা। এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, শিল্প কারখানায় বাস্তব অভিজ্ঞতা অর্জন, পেশাগত দক্ষতা উন্নয়ন, যৌথ গবেষণা কার্যক্রম এবং জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে। সংশ্লিষ্টরা জানান, এ চুক্তির ফলে শিক্ষার্থীরা শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, প্রযুক্তিগত প্রশিক্ষণ, গবেষণামূলক কাজ এবং কর্মসংস্থানের সুযোগ লাভ করবে। একই সঙ্গে একাডেমিক পাঠ্যক্রম ও শিল্পখাতের বাস্তব চাহিদার মধ্যে বিদ্যমান দক্ষতার ঘাটতি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বক্তারা বলেন, বর্তমানে তৈরি পোশাক (আরএমজি) শিল্প দ্রুত প্রযুক্তিগত উদ্ভাবন, অটোমেশন, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে শিক্ষা ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ হা-মীম গ্রুপের নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের দূরদর্শী উদ্যোগ এবং ভবিষ্যৎ টেক্সটাইল পেশাজীবীদের দক্ষ করে গড়ে তোলার অঙ্গীকারের প্রশংসা করে। উভয় প্রতিষ্ঠানই দীর্ঘমেয়াদি এই অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবন, দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের টেকসই উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।